Archive for the ‘বিনোদন’ Category

বিয়ে করছেন সালমান!

Thursday, May 23rd, 2013

salmanনিউজ বিএনএন ডটকম:এবার সম্ভবত বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর তকমাটা হটাতে যাচ্ছেন ‘দাবাং’ তারকা সালমান খান। রোমানিয়ান টিভি সঞ্চালক ও অভিনেত্রী ইলুলিয়া ভেঞ্চুরকে বিয়ে করতে যাচ্ছেন সালমান। সম্প্রতি এক খবরে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ভারতের মুম্বাই ভিত্তিক অনলাইন নিউজপোর্টাল মিড-ডে ডটকম।
চলতি মাসের শুরুর দিকে ইলুলিয়া ও সালমানের সম্পর্কের খবর চাউর হয়েছিল। বিদেশ সফরে গিয়ে ইলুলিয়ার সঙ্গে সালমানের সাক্ষাত্ হয়েছিল বছর দুয়েক আগে। সেই থেকে তাঁরা পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। এক বছর আগেই অভিসার শুরু করেছিলেন সালমান ও ইলুলিয়া। সে সময় যথেষ্ট গোপনীয়তা রক্ষা করে চললেও ইদানীং তাঁরা লুকোচুরির আশ্রয় না নিয়ে প্রকাশ্যেই মেলামেশা করছেন।
এ মুহূর্তে পরবর্তী ছবির শুটিংয়ের কাজে ভারতের গোয়ায় অবস্থান করছেন সালমান। সেখানে তাঁকে সঙ্গ দিচ্ছেন স্বর্ণকেশী ইলুলিয়া। অনেকটা সময় তাঁরা একসঙ্গে কাটাচ্ছেন। এ প্রসঙ্গে সালমানের কাছের একটি সূত্র জানিয়েছে, ‘সালমান ভাই তাঁর নতুন প্রেমিকাকে নিয়ে খুবই সিরিয়াস। দুই বছর ধরে একে-অন্যকে চিনলেও এত দিন তাঁরা কাউকেই বিষয়টি জানতে দেননি।’
ওই সূত্রের বরাতে ‘মিড-ডে’ আরও জানায়, সালমানের জীবনে ইলুলিয়ার প্রভাব বেশ ভালোভাবেই আঁচ করতে পারছেন তাঁর কাছের মানুষজন। ইলুলিয়াকে বিয়ে করার জন্য তাঁকে পরামর্শ দিচ্ছেন সবাই। মনে মনে তিনিও ইলুলিয়াকে বিয়ে করার কথা ভাবছেন। এখন পর্যন্ত বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ না খুললেও শিগগিরই ইলুলিয়ার সঙ্গে প্রেমের ঘোষণা আসতে পারে সালমানের কাছ থেকে।

ঘনিষ্ঠ হলেন সোনাক্ষী

Wednesday, May 22nd, 2013

sonerনিউজ বিএনএন ডেস্ক: ইতিমধ্যে সোনাক্ষী সিনহা যে ছবিগুলোতে অভিনয় করেছেন তার প্রায় সবক’টিই ছিল ব্যবসা সফল। আর এ কারণেই বর্তমান সময়ের নির্ভরযোগ্য অভিনেত্রীতে পরিণত হয়েছেন তিনি। তবে নতুন ছবি ‘লুটেরা’র মাধ্যমে বেশ আলোচনায় এসেছেন সম্প্রতি। এখানে তিনি প্রথমবারের মতো অভিনয় করেছেন রণবীর সিংয়ের বিপরীতে। শুধু তাই নয়, ছবির একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে ক্যামেরাবান্দি হয়েছেন দুজনে। এদিকে এর আগে সালমান খান, অজয় দেবগান ও অক্ষয়ের মতো বড় অভিনেতার বিপরীতে অভিনয় করেছেন সোনাক্ষী। তবে কোন অভিনেতার সঙ্গেই খুব ঘনিষ্ঠ হননি। এমনকি তেমন একটা খোলামেলা হয়েও কাজ করেননি কোন ছবিতে। কিন্তু রণবীর সিংয়ের সঙ্গে সোনাক্ষীর বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য প্রমো হিসেবে বর্তমানে প্রচার চলছে বিভিন্ন চ্যানেলে। জানা গেছে ছবিতে রণবীরের সঙ্গে একটি চুম্বনদৃশ্য করতেও প্রস্তাব করা হয়েছিল সোনাক্ষীকে। তবে সোনাক্ষী সেটা করেননি। এদিকে ‘লুটেরা’ ছবিটি তৈরি হয়েছে দু’জন সাধারণ তরুণ-তরুণীর প্রেম কাহিনী নিয়ে। এ ছবিতে রণবীর ও সোনাক্ষীকে খুব সাধারণ সাজসজ্জায় উপস্থাপন করা হয়েছে। ‘লুটেরা’ কয়েক দিনের মধ্যে মুক্তি পেতে যাচ্ছে ভারতে। ছবির গানগুলো ইতিমধ্যে বেশ শ্রোতাপ্রিয়তা অর্জন করেছে। ছবিটির প্রচারণা কাজে বর্তমানে ব্যস্ত রয়েছেন সোনাক্ষী ও রণবীর। তবে এ প্রচারণায় এসেই রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার বিষয়টি নিয়ে মিডিয়ার প্রশ্নের সম্মুখীন হন সোনাক্ষী। বেশ সাবলীল ভঙ্গিতে সোনাক্ষী বলেন, রণবীরের সঙ্গে আমার আগে থেকেই পরিচয় ছিল। তবে ‘লুটেরা’ করতে গিয়ে আমরা ভাল বন্ধু হয়ে যাই। এ বন্ধুত্বই আসলে ঘনিষ্ঠ দৃশ্যগুলো করতে সহায়তা করেছে। সহশিল্পী হিসেবেও রণবীর বেশ কো-অপারেটিভ। সর্বোপরি ছবির কাহিনী ও নির্মাণশৈলীও ভাল হয়েছে। আশা করছি ছবিটি অনেক ভাল লাগবে দর্শকদের।

মাইলিকে হত্যার হুমকি!

Tuesday, May 21st, 2013

mayliনিউজবিএনএন ডেস্ক: সম্প্রতি গায়িকা-অভিনেত্রী মাইলি সাইরাস জানিয়েছেন, টেইলর সুইফট আর সেলেনা গমেজের ভক্তরা তাকে নিয়মিত হত্যার হুমকি দিয়ে থাকেন!

‘ডিজিটাল স্পাই’-এর খবর অনুযায়ী, সব সময়ই বিভিন্ন ধরনের অবমাননাকর মেসেজ পান মাইলি। সম্প্রতি এ বিষয়ে তিনি টুইট করেন, প্রতিদিন কোন সুইফট কিংবা গমেজভক্ত আমাকে অভিশাপ দিয়ে যায় (এর মধ্যে হত্যার হুমকি থাকে সবচেয়ে বেশি)।

তবে নিজের ভক্তদের মাইলি অনুরোধ করেছেন এমনটি যেন তারা অন্যদের সঙ্গে না করেন। মাইলি আরও লেখেন, আমার ভক্তরা দয়া করে এমন কিছু করার কথা চিন্তাও করবেন না, যার মাধ্যমে আমাকে সমর্থনের পাশাপাশি অন্য শিল্পীদের প্রতি ঘৃণা প্রকাশ পায়। আমার ভক্তরা আমার সংগীত এবং আমাকে ভালবাসুন। তাতেই আমি গর্ব অনুভব করবো।

মাইলি আরও জানান, সংগীত জগতে সবাই একে অপরের সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ আচরণ করে থাকে। আর তাই ভক্তদেরও এমনটিই করা উচিত।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার প্রাপ্তির ১০০ বছর পূর্তি অনুষ্ঠানমালা সমাপ্ত

Monday, May 20th, 2013

binoফরহাদ, নড়াইল: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার প্রাপ্তির ১০০ বছর পূর্তিতে নড়াইলে দু’দিনব্যাপি অনুষ্ঠানমালা শেষ হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে ‘সুরধাম’ আয়োজিত দু’দিনব্যাপি অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার প্রদান করা হয়।

শনিবার (১৮ মে) রাত সাড়ে ৮টায় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-নড়াইল জেলা প্রশাসক জহুরুল হক, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক রবিউল ইসলাম,  সহযোগী অধ্যাপক শাহানারা বেগম, সহকারী অধ্যাপক কাজী আশরাফ হোসেন, আব্দুল হাই সিটি কলেজের সহকারী অধ্যাপক মলয় কান্তি নন্দী, প্রভাষক মাহাবুবুর রহমান, উদ্যাপন পর্ষদের সদস্য সচিব মাসুদুল হক টুটুল, শিল্পী শুভাশিষ বাগচী, মৃত্যুঞ্জয় রায়, কাজী হাফিজুর রহমান, অ্যাডভোকেট নজরুল ইসলাম, সঙ্গীতশিল্পী আদরি খানম প্রমুখ।

উল্লেখ্য,‘গীতাঞ্জলী’ কাব্যগ্রন্থ রচনার জন্য ১৯১৩ সালে সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।

এবার ‘সুন্দরী’কে দত্তক নিলেন প্রিয়াঙ্কা

Sunday, May 19th, 2013

WWW.MIRCHIGOSSIPS.COMনিউজ বিএনএন ডটকম: বলিউডের শীর্ষ সারির নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া প্রাণীদের প্রতি ভালোবাসা দেখানোর জন্য আরেকবার খবরের শিরোনাম হয়েছেন। এবার ‘সুন্দরী’কে দত্তক নিলেন প্রিয়াঙ্কা

শনিবার টাইমস অফ ইন্ডিয়া জানায়, এবার তিনি দত্তক নিয়েছেন ঝাড়খণ্ডের বীরসা মুন্ডা জুয়োলজিক্যাল পার্কের একটি সিংহীকে। সিংহীটির নাম ‘সুন্দরী’।

এর আগে গত বছর জংলি বিল্লি খ্যাত প্রিয়াঙ্কা ‘দুর্গা’ নামের একটি বাঘিনীকে দত্তক নেন।

প্রিয়াঙ্কার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাকে ধন্যবাদ দিয়েছে পার্ক কর্তৃপক্ষ। এখন থেকে ‘সুন্দরীর’ সব খরচ বহন করবেন পিগি চপস খ্যাত প্রিয়াঙ্কা।

গত বছর বীরসা মুন্ডা জুয়োলজিক্যাল পার্ক কর্তৃপক্ষ ঘোষণা দিয়ে জানায়,চাইলে যে কেউ এক থেকে ১১ বছরের জন্য যে কোনো প্রাণী দত্তক নিতে পারবেন। এর থেকে যে অর্থ পাওয়া যাবে তা প্রাণীদের দেখভাল ও বন্যজীবন সম্পর্কে সচেতনতা তৈরির কাজে ব্যবহার করা হবে।

কারাগারে বলিউড তারকা সঞ্জয়ের দৈনিক পারিশ্রমিক ২৫ রুপি

Sunday, May 19th, 2013

sanjayনিউজবিএনএন ডেস্ক: কারাগারে সঞ্জয় দত্ত যে কাজই করবেন, তাতে প্রতিদিন পারিশ্রমিক হিসেবে পাবেন ২৫ রুপি। এরই মধ্যে কারাগারে রান্নার কাজ করতে চেয়ে আবেদন করেছেন তিনি। পুনের ইয়েরওয়াড়া কারাগারে কাঠমিস্ত্রি, শতরঞ্জির কারিগর ও বাবুর্চি হিসেবে কাজ করার সুযোগ রয়েছে। সেগুলো থেকে যেকোনো একটি বেছে নিতে পারবেন সঞ্জয়। কাজে দক্ষতা দেখাতে পারলে তাঁর প্রতিদিন আয় ২৫ থেকে বেড়ে ৫০ রুপি হওয়ারও সম্ভাবনা আছে। এ ছাড়া হাতখরচের জন্য প্রতি মাসে সঞ্জয়কে দেড় হাজার রুপি দেওয়া হবে তাঁর পরিবারের পক্ষ থেকে।

কারাগারে বন্দী অবস্থায় প্রতি মাসে সর্বোচ্চ পাঁচজন ব্যক্তির সঙ্গে দেখা করতে পারবেন সঞ্জয়। তবে তাঁদের সঙ্গে ২০ মিনিটের বেশি কথা বলতে পারবেন না।
এদিকে মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে সঞ্জয়কে রাখা হয়েছে ১০ নম্বর ব্যারাকের একটি আন্ডা সেলে। ডিমের মতো দেখতে ৮ ফুট বাই ১০ ফুট আয়তনের এই কুঠরিতে সাধারণত দাগি ও ভয়ংকর অপরাধী কিংবা সন্ত্রাসবাদীদের রাখা হয়। ছোট্ট এই কুঠরির অর্ধেকটা মাটির নিচে। তাই ভালো করে আলো ঢোকে না। এখানে নাকি আগে ছিলেন পাকিস্তানি সন্ত্রাসী আজমল কাসাব। এখন এই সেলের পাশেই আছেন কুখ্যাত লস্কর জঙ্গি আবু জান্দাল।

কারাগারের এক কর্মকর্তা জানিয়েছেন, গত বৃহস্পতিবার ও শুক্রবার প্রায় সারা রাত ধর্মীয় গ্রন্থ পড়েছেন সঞ্জয়। সকালে উঠে শরীরচর্চা করেন। তখন তাঁকে যথেষ্ট অস্থির দেখাচ্ছিল। আদালতের সম্মতিতে কারাগারে আসার সময় পরিবারের পক্ষ থেকে সঞ্জয়ের সঙ্গে দেওয়া হয়েছে ধর্মগ্রন্থ ভগবদ্গীতা, রামায়ণ ও হনুমান চালিশা। এ ছাড়া মশার কামড় থেকে বাঁচতে তিন টিউব লোশনও দেওয়া হয়েছে তাঁকে।

সঞ্জয়কে আপাতত কয়েদিদের জন্য নির্ধারিত পোশাক দেওয়া হয়নি। পরছেন বাসা থেকে আনা সাদা কুর্তা আর পাজামা।

সঞ্জয়ের কারাকক্ষের এক রক্ষী জানান, শুক্রবার রাতের খাবার খাওয়ার পর এক বোতল পানি চেয়ে নেন সঞ্জয়। কারাগারে প্রথম দুটি রাত একেবারেই ঘুমাতে পারেননি। কেবলই পাশ ফিরেছেন, বারবার উঠে বসেছেন।

মুম্বাই পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (কারা) মিরা বরওয়াকার জানান, সঞ্জয়কে অন্য কারাগারে নেওয়ার ব্যাপারে এখনো কোনো কথা হয়নি। ভারতের মুম্বাইয়ের টাডা আদালতে গত বৃহস্পতিবার দুপুরে আত্মসমর্পণ করেন সঞ্জয় দত্ত। ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় বেআইনি অস্ত্র রাখার দায়ে দোষী সাব্যস্ত হন এই বলিউড তারকা। ভারতের সর্বোচ্চ আদালত তাঁকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এরই মধ্যে দেড় বছর কারাভোগ করেছেন সঞ্জয়। এবার তাঁকে সাড়ে তিন বছর কারাভোগ করতে হবে।

কান উৎসবে গুলি!

Saturday, May 18th, 2013

bbbbনিউজ বিএনএন ডটকম:কান চলচ্চিত্র উৎসব চলাকালে গতকাল শুক্রবার ফাঁকা গুলি ছোড়ায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে গ্রেনেডসদৃশ বস্তু ও ছুরিও উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সেখানে উপস্থিত সবার মধ্যে।
উত্সবস্থল থেকে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানের জন্য ফরাসি অভিনেতা ড্যানিয়েল ও অস্কারজয়ী অস্ট্রীয় অভিনেতা ক্রিস্তফ ওয়ালজের সাক্ষাত্কার নিচ্ছিল ফরাসি টিভি চ্যানেল ‘ক্যানাল +’। ওই সময় হঠাৎ এক ব্যক্তি পিস্তল বের করে পর পর দুটি ফাঁকা গুলি ছোড়েন। ঘটনার আকস্মিকতায় প্রথমে হতবিহ্বল হয়ে পড়েন ড্যানিয়েল ও ক্রিস্তফ ওয়ালজ। পরে তাঁরা দৌড়ে নিরাপদ স্থানে সরে যান।
ঘটনার সঙ্গে সঙ্গে ভিড় ঠেলে ওই ব্যক্তির কাছে পৌঁছে তাঁকে ধরে ফেলেন নিরাপত্তাকর্মীরা। তাঁকে টেনেহিঁচড়ে মাটিতে শুইয়ে ফেলা হয়। এর পরপরই সেখানে ছুটে যায় পুলিশ। ওই ব্যক্তির হাতে গ্রেনেডসদৃশ বস্তু পাওয়ায় দ্রুত সবাইকে সেখান থেকে চলে যেতে বলে পুলিশ। পরে অবশ্য জানা যায়, সেটা ছিল নকল গ্রেনেড। এ প্রসঙ্গে এক পুলিশের মন্তব্য, ‘সম্ভবত, ওই ব্যক্তি মানসিকভাবে বিকারগ্রস্ত।’
এমন ঘটনার পরও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আয়োজকেরা। সবাইকে উদ্দেশ করে তাঁরা বলেন, ‘দ্য শো মাস্ট গো অন’। এর পরপরই অনুষ্ঠানের সেটে ফিরে যান ‘জ্যাংগো আনচেইনড’ তারকা ক্রিস্তফ ওয়ালজ ও ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’ তারকা ড্যানিয়েল। তাঁরা দুজনই এবারের ৬৬তম কান চলচ্চিত্র উত্সবের জুরি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এ চলচ্চিত্র উত্সব শুরু হয়েছে ১৫ মে; চলবে ২৬ মে পর্যন্ত।
এদিকে, উৎসবে যোগ দেওয়া বিশ্বের নামী-দামি তারকাদের সাময়িকভাবে ব্যবহারের জন্য বেশ কিছু মূল্যবান গয়না দিতে চেয়েছিল উৎসব কর্তৃপক্ষ। কিন্তু ১০ লাখ ডলারের বেশি মূল্যের সেসব গয়না চুরি হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, উত্সব চলাকালে গত বৃহস্পতিবার রাতে চুরি গেছে গয়নাগুলো। কাকতালীয় বিষয় হলো, একই দিন উত্সবে প্রদর্শিত হয়েছে তারকাদের ব্যবহার্য বিভিন্ন সামগ্রী চুরির বিষয়বস্তু নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘দ্য ব্লিং রিং’।
এদিকে জানা গেছে, গয়নাগুলো রাখা হয়েছিল কান শহরে অবস্থিত নভোটেল হোটেলের একটি কক্ষে। কক্ষটি ভাড়া নিয়েছিলেন সুইজারল্যান্ডের গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠান চপার্ড-এর একজন কর্মচারী। কান চলচ্চিত্র উৎসবের অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছে গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠান চপার্ড।সূত্র:বার্তা সংস্থা রয়টার্স।

শ্রীঘই আসছে ফকির আলমগীরের অ্যালবাম ‘সাভার ট্র্যাজেডি’

Wednesday, May 15th, 2013

aaaaaনিউজ বিএনএন ডটকম:সাভার ট্রাজেডি নিয়ে কয়েকটি গান তৈরি করেছেন গণসংগীতশিল্পী ফকির আলমগীর। এবার এ গানগুলো নিয়ে পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অ্যালবামের নাম রাখা হয়েছে ‘সাভার ট্র্যাজেডি’।
জানা গেছে, সাভার ট্র্যাজেডি অ্যালবামটি সাজানো হয়েছে ১০ টি গান ও ৩টি কবিতা দিয়ে। কবিতা তিনটির আবৃত্তিকাররা হলেন আসাদুজ্জামান নূর, আহকামউল্লাহ ও মাহিদুল ইসলাম।
অ্যালবাম প্রসঙ্গে ফকির আলমগীর বলেন, ‘আমি মনে করি গান মানবতার জন্য। গানে গানে আমি সব সময় সে কথাই বলি। সাভার ট্র্যাজেডি অ্যালবামে গানের সঙ্গে প্রাসঙ্গিকতা বজায় রেখে আবৃত্তি রাখা হয়েছে। এতে শ্রোতারা বৈচিত্র্য খুঁজে পাবেন বলে বিশ্বাস করি।’
ফকির আলমগীরের নতুন অ্যালবাম ‘সাভার ট্র্যাজেডি’র গানের কথাগুলো লিখেছেন তপন বাগচী, শিপ্রা দাস ও ফকির আলমগীর নিজে।
অ্যালবামে কোন ধরনের গান থাকছে এমন প্রশ্নে ফকির আলমগীর বলেন, থাকছে ১৭ দিন পর উদ্ধার হওয়া রেশমা, উদ্ধারের শেষ মুহূর্তে না ফেরার দেশে চলে যাওয়া শাহীনা ও অন্যের জীবন বাঁচাতে মৃত্যুবরণ করা উদ্ধারকারী কায়কোবাদ, অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় ও এনাম মেডিকেল কলেজকে নিয়ে গান। মৌলিক গানের পাশাপাশি থাকবে রুদ্র মুহাম্মদ শহীদুল্লার দুটি কবিতা নিয়ে গান। যাতে সুরারোপ করেছি আমি নিজে।

লীলা হচ্ছেন কুসুম

Tuesday, May 14th, 2013

kusumনিউজ বিএনএন ডটকম:নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা প্রয়াত হুমায়ূন আহমেদের ‘দিঘির জলে কার ছায়া গো’ উপন্যাসের লীলা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন কুসুম শিকদার। উপন্যাসের নামের সঙ্গে মিল রেখে নাটকের নামও রাখা হয়েছে ‘দিঘির জলে কার ছায়া গো’।

নাটকটি পরিচালনা করবেন জুয়েল রানা। জানা গেছে, সামনের মাসে নাটকটির শুটিং শুরু হবে। এই নাটকটিতে অভিনয়ের মধ্য দিয়ে এবারই প্রথম হুমায়ূন আহমেদ সৃষ্ট কোনো চরিত্রে অভিনয় করবেন কুসুম। এজন্য তিনি বেশ বেশ উচ্ছ্বসিত।

কুসুম শিকদার জানান, ‘দিঘির জলে কার ছায়া গো আমার অনেক পছন্দের একটি উপন্যাস। বেশ কয়েকবার পড়েছি। নাটকটিতে যখন কাজ করার প্রস্তাব পেলাম, তখন আবারও পড়েছি। চরিত্রটির জন্য নিজেকে তৈরি করছি।’

কুসুম আরও বলেন, ‘বাস্তবের লীলা চরিত্রটি বেঁচে নেই। লেখক তাঁর সৃষ্টির মধ্য দিয়ে তাঁকে বাঁচিয়ে রেখেছেন। আর সেই লীলা চরিত্রটিতে অভিনয় করতে যাচ্ছি আমি। এজন্য আমি অনেক বেশি আনন্দিত।’

কুসুম শিকদার আরও জানান, ‘হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তিনি আজ আমাদের মাঝে বেঁচে নেই। কিন্তু তাঁর অমর সৃষ্টি তাঁকে বাঁচিয়ে রাখবে অনেকদিন। বেঁচে থাকলে হয়তো লীলা চরিত্রটি সম্পর্কে তাঁর কাছ থেকে আরও অনেক কিছুই জানতে পারতাম। মনে হচ্ছে লীলা চরিত্রটি ফুটিয়ে তোলা অনেক কষ্টসাধ্য হবে, তারপরও চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে আপ্রাণ চেষ্টা করব।

আবার চলচ্চিত্রে শাহেদ

Monday, May 13th, 2013

shaaনিউজ বিএনএন ডটকম:ছোট পর্দার শাহেদ অভিনীত প্রথম চলচ্চিত্র প্রিয় সাথি। এই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন রত্না। এরপর শাহেদ আরও তিনটি চলচ্চিত্রে অভিনয় করেন। কয়েক বছর বিরতির পর আবারও চলচ্চিত্রে অভিনয় করলেন তিনি। তাঁর নতুন ছবির নাম ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল। ছবির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করছেন সাইফ চন্দন।
জানা গেছে, ৭ মে জয়দেবপুরে ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন শাহেদ। জানালেন, ছবিতে তিনি খলনায়ক।
শাহেদ বলেন, ‘ছবির পরিচালকের অনুরোধেই কাজটি করতে রাজি হয়েছি।’
ছবির গল্প প্রসঙ্গে শাহেদ বলেন, ‘চমৎকার একটি গল্প। এই সময়ের এক তরুণের কথা। তবে গল্প ভালো হওয়ার পরও দেখা যায়, নির্মাণশৈলী ও উপস্থাপনের দুর্বলতার কারণে ছবিগুলো দর্শককে আকৃষ্ট করতে পারে না। ছবির পরিচালকের সঙ্গে এর আগে ছোট পর্দায় আমি কাজ করেছি। তাই মনে হচ্ছে, ভালো মানের এবং সবার পছন্দের একটি ছবি আমরা উপহার দিতে পারব।’
শাহেদের অন্য ছবিগুলো হলো হূদয় শুধু তোমার জন্য, জয়যাত্রা ও টক-ঝাল-মিষ্টি।

 

ফোন : +৮৮ ০২ ৯৬১ ৩৯৪২-৩, ফ্যাক্স : +৮৮ ০২ ৮৬৫ ৩৪৬৫, মোবাইল : +৮৮ ০১৭১১ ৫২৯৯২৩, +৮৮ ০১৯২১ ০৭৬৪২৯, + ৮৮ ০১৯২৩ ৩৬৮২৯১ ।
 ইমেইল : 
newsbnn@gmail.com , editor@newsbnn.com, info@newsbnn.com,  ওয়েব : www.newsbnn.com

ভারপ্রাপ্ত সম্পাদক: মো:মাহাবুবুর রহমান