নিউজবিএনএন ডটকম: ‘এনসিসিবি শিওর ক্যাশ’ নামে মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু করছে বেসরকারি খাতের ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেড। আজ রবিবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান রাজধানীর রূপসী বাংলা হোটেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
মোবাইল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত ২৫টি ব্যাংকের মোবাইল ব্যাংকিং কার্যক্রমের অনুমোদন দেয়। যার মধ্যে ১৬টি ব্যাংক তাদের কার্যক্রম এরই মধ্যে চালু করেছে। এনসিসি ব্যাংক নিয়ে এ সংখ্যা দাঁড়ালো ১৭টি। এই ব্যাংকগুলো সারাদেশে প্রায় ৭০ হাজার এজেন্টের মাধ্যমে ৫০ লাখ মানুষকে আর্থিক সুবিধা দিয়ে যাচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান বলেন, ব্যাংকিং খাতে প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে দ্রারিদ্র্যের হার কমানো তথা দেশের প্রত্যন্ত অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠির কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। এর মাধ্যমে বেশিরভাগ টাকা শহর থেকে গ্রামে যাচ্ছে। এর ফলে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকটির প্রধান নির্বাহী মোঃ নূরুল আমিন বলেন, প্রযুক্তিগত সুবিধা সহজলভ্য করে সেবার পরিধি বাড়াতে এসএমএস, টেলিব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মতো সেবা প্রচলন করা হয়েছে ব্যাংকটিতে।
তিনি বলেন, আমরা পেপারলেস ব্যাংকিংয়ের মধ্যে ঢুকতে যাচ্ছি খুব শিগগিরই। এসসিসিবি শিওর ক্যাশ’ এর মাধ্যমে নতুন হিসাব খোলা, টাকা জমা দেয়া, টাকা তোলা যাবে যে কোনো শিওর ক্যাশ এজেন্ট ও এনসিসিবি শাখা থেকে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কানাডার ঢাকাস্থ রাষ্ট্রদূত হিদার ক্রুডেন, এসসিসি ব্যাংকের চেয়ারম্যান মোঃ নুরুন নেওয়াজ সেলিম ও এসসিসিবি শিওর ক্যাশের সফটওয়্যার সল্যুশন সহযোগী প্রগতি সিস্টেমের সিইও ড. শাহাদাত খান।








