নিউজ বিএনএন ডটকম: সিটি করপোরেশন নির্বাচনে প্রমাণিত হয়েছে সুষ্ঠু নির্বাচনে দলীয় সরকার বাধা নয় এমন দাবি করে দপ্তরবিহীন মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি যতই জয় লাভ করছে, বিএনপি ততই তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে হারছে। মনে রাখতে হবে এই জয়ই শেষ না,সামনে আরো জয় আছে।
বুধবার দুপুরে গণগন্থাগারে ভাষা সৈনিক গাজীউল হকের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা জেলা শাখা আয়োজিত ‘অসাংবিধানিক ও অগণতান্ত্রিক সরকারের প্রয়োজন নেই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সিটি করপোরেশন নির্বাচন নিয়ে যারা উল্লাস করছে তাদের সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে খালেদা জিয়াও যান নি, শেখ হাসিনাও যান নি। সেখানে নৌকা ও ধানের শীষ প্রতিক নিয়ে কেউ নির্বাচন করে নি। মানুষ স্থানীয় প্রতিনিধিকে বিবেচনা করে ভোট দিয়েছে। সেখানে দল নয় ব্যক্তি পরাজিত হয়েছে।’
‘সিটি করপোরেশন নির্বাচনে জামায়াত-শিবির যুদ্ধাপরাধ ইস্যুতে ঘরে ঘরে গিয়ে ইনিয়ে বিনিয়ে মায়া কান্না করেছে’ অভিযোগ করে তিনি বলেন, ‘তারা ধর্মকে কার্ড হিসেবে ব্যবহার করেছে। আস্তিক-নাস্তিককে কার্ড হিসেবে ব্যবহার করেছে। এ বিষয়গুলো গণতান্ত্রিক নির্বাচনের জন্য শুভ নয়।’
এ সময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি এড. তারানা হালিমকে হত্যার হুমকির ঘটনায় তিনি নিন্দা জানান।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।








