নিউজবিএনএন ডটকম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগ কর্মীর হাতে এক ছাত্রী যৌন হয়রানির শিকার হওয়ার প্রতিবাদে বুধবার উপাচার্য কার্যালয় ঘেরাও করেছে তিন ছাত্রী হলের শিক্ষার্থীরা।
তারা অভিযুক্ত ছাত্রলীগ কর্মীকে আজীবন বহিষ্কারের দাবিতে উপাচার্যকে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
ছাত্রীদের দাবির মুখে বাধ্য হয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিক যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত ছাত্রলীগ কর্মী মোহাম্মদ মাছুম ওরফে মুন রোজারিওকে সাময়িক বহিষ্কার করে। শনিবার তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ।
বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ছাত্রীরা এক দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ, মানববন্ধন ও উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।
এ প্রসঙ্গে চবি প্রক্টর সিরাজ-উদ-দৌলা সমকালকে বলেন, “অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে আমরা সাময়িকভাবে ব্যবস্থা নিয়েছি। তদন্তের পর আগামী শনিবার বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তার বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী মোহাম্মদ মাছুম ও মোহাম্মদ আলী নামে বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তা প্রহরীর ছেলে দু’জন মিলে বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের মাষ্টার্সের এক ছাত্রীকে যৌন হয়রানি করে। এরপর ওই ছাত্রী বাদী হয়ে হাটহাজারী থানায় এ দু’জনের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করেন। লিখিত অভিযোগ দেওয়া হয় বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসেও। এ অভিযোগে গ্রেফতার করা হয় ছাত্রলীগ কর্মীসহ দু’জনকে।









