নিউজবিএনএন ডটকম: আজ শনিবার টাঙ্গাইলের নবগঠিত বাসাইল পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ চলছে।সবগুলো কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে একটানা বিকেল চারটা পর্যন্ত।
নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত বাসাইল পৌরসভায় ভোটারের সংখ্যা ১৪ হাজার ৩২৯। এর মধ্যে পুরুষ ভোটার ছয় হাজার ৮৫১ এবং মহিলা ভোটার সাত হাজার ৪৭৮ জন। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন এবং সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪০ জন। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুবারের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান (তালা), বাসাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বাসাইল কলেজের সাবেক ভিপি এনামুল করিম অটল (জাহাজ), বাসাইল মহিলা কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মশিউর রহমান খান আপেল (আনারস), উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ওহিদুল ইসলাম মোস্তফা (কাপ-পিরিচ), কৃষক শ্রমিক জনতা লীগের অঙ্গসংগঠন যুব আন্দোলনের বাসাইল উপজেলা সভাপতি রাহাত হাসান টিপু (দোয়াত কলম) ও প্রবীণ আওয়ামী লীগ নেতা ছানোয়ার হোসেন খান মাখন (টেলিভিশন)।
রিটার্নিং অফিসার শাহীন আরা বেগম জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার মোতায়েন রয়েছে। এ ছাড়া ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এবং র্যাবের টিম টহল দিচ্ছে।








